বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের চিতলমারীতে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে এক লাখ ২৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সদর বাজারে আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় সদ্য বিদেশফেরতদের বাসার সামনে সরকারিভাবে লাল পতাকা টানানো হয় এবং চিতলমারীর সকল গরুরহাট বন্ধের নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছিলেন। এ খবর পেয়ে সোমবার দুপুরে চিতলমারী উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে চাল ব্যবসায়ী নাজমুল শেখকে ২০ হাজার, পরিতোষ কীর্ত্তনীয়া ৩০ হাজার, চন্দ্র শেখর হাজরা ২০ হাজার, পরিতোষ সাহা ৩০ হাজার, প্রদীপ সাহা ১৫ ও ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া জনগুরুত্ব বিবেচনা করে সদ্য বিদেশফেরতদের বাসার সামনে সরকারিভাবে লাল পতাকা টানানো এবং চিতলমারী উপজেলার সকল গোহাটা বন্ধের নির্দেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তিনি উল্লেখ করেন।





