এক বছর পিছিয়ে যাচ্ছে অলিম্পক গেমস!
স্পোর্টস ডেস্ক॥ এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়া হলেও টোকিও শহরে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা এক বছর পিছিয়ে দেয়ার সম্ভাবনা এখন প্রবল। এর মধ্যেই কানাডা ও অস্ট্রেলিয়া টিম না পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। করোনা ভাইরাসের কারণে প্রায় গোটা বিশ্বের জনজীবন যখন স্তব্ধ, তখন খেলাধুলার বড় আয়োজনও যে ব্যতিক্রম হতে পারে না, সে বিষয়ে সংশয় থাকার কথা নয়। কিন্তু জাপানের রাজধানী টোকিও শহরে এ বছরের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা আদৌ আয়োজন করা সম্ভব হবে কি না, সেই সিদ্ধান্ত নিয়ে এখনো টালবাহানা চলছে। রোববার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির জরুরি বৈঠকের পর জানানো হয়েছে, যে সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা নেয়া হবে। আগামী কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। আগামী ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হবার কথা। এরই মধ্যে কানাডা ও অস্ট্রেলিয়া অলিম্পিকে অংশ না নেবার সিদ্ধান্ত নিলো। কানাডা সাফ জানিয়ে দিয়েছে, যে পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে সে দেশ অংশ নেবে না। বিশেষ করে প্যারা-অলিম্পিক অ্যাথলিটদের বাড়তি ঝুঁকির উল্লেখ করা হয়েছে। সোমবার অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিকের জন্য কোনো টিম গঠন করা হচ্ছে না। অলিম্পিক প্রতিযোগিতা ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হবে, এমন অনুমানের ভিত্তিতে অ্যাথলিটদের প্রস্তুতির ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরামর্শ আসা পর্যন্ত অপেক্ষা না করেই অ্যাথলিটদের স্বার্থ সবার উপরে রেখে এমন সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া।
বন্ধ হলো আইসিসি সদর দপ্তর, ঘর থেকে কাজ করবেন কর্মীরা
স্পোর্টস ডেস্ক॥ প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বন্ধ হলো দুবাইস্থ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর। তবে আইসিসির সদর দপ্তরে কর্মরত কর্মীদের ঘরে বসে সকল কার্যক্রম করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আইসিসির সদর দপ্তর বন্ধ থাকবে। আইসিসির এক মুখপাত্র বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মত আইসিসিও কর্তৃপক্ষের সকল নিদের্শনা অনুসরন করছে এবং আমাদের সদস্যরাও এটির সাথে সংশ্লিস্ট। আমাদের বেশিরভাগ কর্মী এখন বাসা থেকে কাজ করছেন। আমাদের অগ্রাধিকার হচ্ছে-নিজেদের ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা। কর্মীদের বাসা থেকে কাজ করার সক্ষমতা রয়েছে এবং যাতে আমরা কর্মীদের আইসিসির কার্যক্রমে রাখতে পারি। পাশাপাশি তাদের পরিবার ও বৃহত্তর সম্প্রদায় নিরাপদ রাখাটাও আমাদের দায়িত্ব।’ আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে মিলিত হবেন আইসিসির গভর্নিং বডির সদস্যরা। যেখানে সভাপতিত্ব করবেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং পরিচালনা করবেন প্রধান নির্বাহী মানু সাহনি। এদিকে, করোনাভাইরাসের কারনে সকল আন্তর্জাতিক সিরিজ-টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেট স্থগিত আছে। বন্ধ হয়ে আছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডও। ঘরে বসে চলছে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল কাজকর্ম। ক্রিকেটের মত করোনাভাইরাসের কারনে বিশ্বের ফুটবল, টেনিস, বাস্কেটবলসহ অন্যান্য বড় বড় ক্রীড়া ইভেন্টও বন্ধ রয়েছে।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত লা লিগা
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসের প্রভাবে এবার অনির্দিষ্টকালের জন্য লা লিগাসহ স্পেনের সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। স্প্যানিশ সকার ফেডারেশন ও লা লিগা সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল ক্যালেন্ডার স্থগিত থাকবে। মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ রোগের কারণে প্রথমে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল লা লিগা। ওই সময়ে আগামী ৩ এপ্রিল খেলা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরিস্থিতি ‘স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে’ খেলা আবার শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। স্পেনের ফুটবলের নিয়ন্তা সংস্থা ‘আরএফইএফ’-এর প্রধান লুইস রুবিয়ালেস গত সপ্তাহে মৌসুম বাতিলের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সমস্যা কেটে গেলে আবার খেলা শুরু হবে। ইউরোপে ইতালির পর কভিড-১৯ রোগে সবচেয়ে বাজেভাবে আক্রান্ত হয়েছে স্পেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে স্পেনে ৩৩ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ১৮০ জনের বেশি।





