স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পৌরসভর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় প্যানেল মেয়র সাহিদুল ইসলাম ও মো. শাহিন, কাউন্সিলর আনিছুর রহমান, পৌর সচিব গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী মজিবর রহমান, পৌর কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়শনের সভাপতি কালিমুল্লাহ সিদ্দিক প্রমুখ। পৌর মেয়র এ সময় বলেন, করোনা একটি মারাত্মক ভাইরাস। এ থেকে প্রতিকারের উপায় সকলকে সতর্ক হওয়া। আমরা পৌরসভার উদ্যোগে ইতোমধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার মাইক, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে বলা হয়েছে যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন বা ফিরছেন তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন নিজ বাসাতেই একাকি থাকতে হবে। এই আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





