খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। করোনা ভাইরাসের প্রভাবে চালসহ নিত্যপণ্যের সংকট হতে পারে এমন আতঙ্কে ক্রেতারা কেনাকেটা করতে হুমড়ি খেয়ে পড়েছেন। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশ অমান্য করে কৃত্রিম সংকট দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। খবর পেয়ে রবিবার বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ও সহকারী কমিশনার এএফএম আবু সুফিয়ান (ভূমি) বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া খাদ্য কর্মকর্তা (ওসিএলএজডি) নুরে আলম সিদ্দিকী, বন্দবিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ হজরত আলী। ভ্র্যাম্যমাণ আদালতের পেশকার সিদুল বিশ্বাস জানান, ১ দিনের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৫ টাকা বেশি রাখায় তিন পাইকারি চাল ব্যবসায়ীকে ১০ দিনের কারাদ- দেওয়া হয়েছে। এরা হলেন, সদরের লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের শান্তিরাম চন্দ্রের ছেলে গোপাল চন্দ্র, বাঘারপাড়ার উপজেলার মথুরাপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে অধীর মন্ডল ও একই উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে আবুল হোসেন। ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, করোনা আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে এবং মজুত থাকার পরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য উপজেলা প্রশাসন মাঠে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।





