কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদনী থেকে নলডাঙ্গা সড়কের বেহাল দশা। সড়কটি পিচের না মাটির তা বোঝার কোন উপায় নেই। কাঁদামাটিতে চলাচলের কোন উপায় নেই। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সকল যানবাহনের। পিচ্ছিল হওয়ায় বেকায়দায় পড়েছেন মোটরসাইকেল চালকরা। সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তায় কাঁদায় আচ্ছন্ন। যানবাহনে চলাচলে বেশ বেগ পোহাতে হচ্ছে। কাঁদায় দুর্ঘটনা এড়াতে অনেকে নেমে হেঁটে যাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, নলডাঙ্গা সড়কে নিশ্চিন্তপুর গ্রামের ইসমাইল নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। বাড়ি করার জন্য তিনি ট্রাক্টরে মাটি আনছেন এই সড়ক দিয়ে। মাটি রাস্তায় পড়ে এবং শনিবার রাতে বৃষ্টির কারণে পুরো রাস্তা কাঁদায় ভরে গেছে। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি ইসমাইলের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।





