সুন্দরবন উপকূলে বড়শিতে ধরা বড় শাপলা পাতা মাছ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে সামুদ্রিক শাপলা পাতা মাছের প্রচুর আনাগোনা বেড়েছে। এতে খুশি সাগরে জেলে, ক্রেতা ও স্থানীয় আড়তদাররা। রবিবার বিকেলে বাগেরহাটের মোংলা মাছ বাজারে বড়শিতে ধরা ২০টি বড় সাইজের শাপলা পাতা মাছ নৌকায় করে এনে বিক্রি করেন জেলেরা। যার একটির সর্বোচ্চ ওজন প্রায় দেড় শ কেজি। অন্যগুলোর ওজন ৮০ কেজি থেকে ১৩০ কেজি পর্যন্ত। মাছ ক্রেতা আড়তদার দিদার হোসেন দুলাল জানান, গড়ে ২৩০ টাকা কেজি দরে কেনা বড় সাইজের মাছগুলো তিনি বরিশাল বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন। অন্য ছোট মাছগুলো কেটে তিনি স্থানীয় বাজারে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এক সঙ্গে এত বড় সাইজের মাছ কিনতে ও বিক্রি করতে পেরে তিনি বেজায় খুশি। এ ছাড়া স্থানীয় ক্রেতারাও এ মাছ কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। দুলাল আরও জানান, গত কয়েকদিন ধরে মোংলার বাজারে প্রচুর শাপলা পাতা মাছ আসছে। এদিকে এক সঙ্গে এতগুলো মাছের আনাগোনা দেখে স্থানীয় বাজারে উৎসুক জনতার ভিড় পড়ে যায়।

ভাগ