কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে বাল্যবিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা করা হয়েছে। এছাড়াও বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পিতার বাড়িতে মেয়ে অবস্থান করবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, শনিবার রাতে কাদিপুর গ্রামের নুর ইসলামের ছেলে রফিকুলের সাথে খামারাইল গ্রামের আকতার খাঁর নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সোমবার ছেলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছেলের বাবা নূর ইসলামকে দেড় হাজার টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবে বলে মুচলেকা নেওয়া হয়।





