ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় করোনা ভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে উপজেলার বিভিন্ন হাট-বাজার নিয়মিত মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম। এর অংশ হিসেবে তিনি শনিবার উপজেলার চুকনগর ও আঠারোমাইল বাজার পরিদর্শন করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে একটি বাড়িতে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে জনসমাবেশ ঘটানোর অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, ডুমুরিয়ায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনসমাবেশের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ২৩ হাজার পাঁচ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার ডুমুরিয়ায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। চুকনগর বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী মুজিবর রহমান ও মিজানুর রহমানকে যথাক্রমে পাঁচ শ ও এক হাজার টাকা এবং আঠারোমাইল বাজারে চাল ব্যবসায়ী রেজাউল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ধামালিয়া ইউনিয়নের চেচুড়ি গ্রামে বিবাহ পরবর্তী বৌভাত অনুষ্ঠানে জনসমাবেশ ঘটানোর অপরাধে আলী আকবার গাজীর পুত্র রেজোয়ান গাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বিদেশফেরত সকলকে কোয়ারেন্টাইন শর্ত মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়।





