বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। সিরিজটা যে হচ্ছে না এটা একরকম নিশ্চিতই ছিল বলা চলে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ক্রিকেট আয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। ১৪ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। এরপর নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে ২২ মে থেকে ২৯ মে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়ারল্যান্ডে ভেন্যু স্বল্পতার কারণে ইংল্যান্ডকে টি-টোয়েন্টির ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল আয়ারল্যান্ড বোর্ড। শনিবারই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, ২৮ মে পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে সব ধরনের পেশাদার ক্রিকেট বন্ধ থাকবে। তখনই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে তৈরি হয় শঙ্কা। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময়মতো ঘরোয়া গ্রীষ্ম নিয়ে সিদ্ধান্ত নেব। এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিরিজের নতুন সূচি ঠিক করা হবে বলে জানান ওয়ারেন ডিউট্রম।
বিসিবি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের মাটিতে অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ক্রিকেট খেলা বন্ধের পর এবার নিজেদের অফিসিয়াল কার্যক্রম নিয়ে নির্দেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে কর্মীদের বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। শনিবার বিসিবি’র এক বিবৃতিতে জানানো হয়, রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলেই কেবল অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে গত বৃহস্পতিবার দেশে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, “এর আগে আমরা তাৎক্ষণিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডের খেলা স্থগিত করেছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।” শুধু ক্রিকেট নয় প্রাণঘাতী এই ভাইরাসের ছড়িয়ে পড়ার মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে খেলাধুলার সব ধরনের ইভেন্ট। খেলাধুলায় করোনার প্রভাব পড়েছে বিশ্ব জুড়েই। স্থগিত করে দেওয়া হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগও, চ্যাম্পিয়নস লিগ, ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল, টেনিসের গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট ফরাসি ওপেনসহ সব ধরনের ইভেন্ট। সময়ের সঙ্গে বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও চারজন, মৃত্যু হয়েছে একজনের। এতে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। মৃতের সংখ্যা দুইজন।
করোনাভাইরাস: জোরালো হচ্ছে টোকিও অলিম্পিক স্থগিতের দাবি
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব ক্রীড়াঙ্গনে স্থবির অবস্থা। একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব ক্রীড়া ইভেন্ট। কিন্তু থেমে নেই টোকিও অলিম্পিক ঘিরে তোড়জোড়। দর্শকের উপস্থিতি ছাড়াই কদিন আগে হয়ে গেছে মশাল প্রজ্জ্বলন। তবে চিত্রপটে ভিন্নতা আসতে শুরু করেছে। প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার জোর দাবি উঠতে শুরু করেছে চারিদিকে। বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ রোগে সারাবিশ্বে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে আড়াই লাখ মানুষ। এতে মৃত্যু ঘটেছে ১১ হাজারের বেশি মানুষের। অতি সংক্রামক নভেল করোনাভাইরাসের এমন প্রাদুর্ভাবের মাঝেও কদিন আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আশা প্রকাশ করেছিলেন যে, পরিকল্পনা অনুযায়ী জুলাইয়ে টোকিও অলিম্পিক হবে। আগামী ২৪ জুলাই থেকে ৯ অক্টোবর জাপানের টোকিও শহরে হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। তবে বাস্তবতার সঙ্গে বদলাতে শুরু করেছে ভাবনাও। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে অলিম্পিকের বেশ কিছু ট্রায়াল ইভেন্ট স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাঁতার সংস্থা দেশটির অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির কাছে আবেদন করেছে, তারা যেন এবারের আসর ১২ মাসের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। বিবিসির দাবি, একটি চিঠি তারা দেখেছে যেটিতে যুক্তরাষ্ট্র সাঁতার সংস্থার প্রধান নির্বাহী টিম হিঞ্চি লিখেছেন, “বিশ্বব্যাপী মানুষের এমন স্বাস্থ্য ঝুঁকির মাঝে আগামী গ্রীষ্মে অলিম্পিক আয়োজনে জোর দেওয়াটা কোনো সমাধান হতে পারে না।” যুক্তরাজ্য অ্যাথলেটিক্সের নতুন চেয়ারম্যান নিক কাওয়ার্ড মনে করেন, করোনাভাইরাসের সমস্যার মাঝে টোকিও অলিম্পিক অবশ্যই পিছিয়ে দেওয়া উচিত। “বিষয়টিকে এভাবেই রেখে দেওয়া এখন পুরো সিস্টেমের ওপর প্রচণ্ড চাপ বাড়াচ্ছে। এটি এখন বুঝতে হবে ও বিবেচনা করতে হবে।” গ্রেট ব্রিটেনের তায়কোয়ান্দো পারফরম্যান্স ডিরেক্টর গ্যারি হেল এখন জাপানে অবস্থান করছেন। ওখানকার পরিস্থিতি কাছ থেকে দেখে তিনি জানিয়েছেন, আয়োজকরা নার্ভাস এবং আসছে জুলাইয়ে এটি শুরু করার সম্ভাবনা তারা দেখছেন ৫০-৫০। এর আগে শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ নিউ ইয়র্ক টাইমসকে জানান, টোকিও অলিম্পিক ঘিরে ভিন্ন ভাবনা এই প্রথমবারের মতো বিবেচনায় নেওয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ইউরোপের অধিকাংশ দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে যেমন অ্যাথলেটদের প্রস্তুতির সব ভেন্যু বন্ধ করে দেওয়া হয়েছে গত সপ্তাহে। অধিকাংশ দেশে অনেকটা একই অবস্থা। এই পরিস্থিতিতে টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়া এখন অনেকটাই সময়ের ব্যাপার বলে ধারণা করা হচ্ছে। একই কারণে এরই মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছর করে পিছিয়ে গেছে।
হোম কোয়ারেন্টাইনে করোনার ঝুঁকিতে থাকা পেলে
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবে টালমাটাল বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস বড় হুমকি বয়স্কদের জন্য। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন ভেবে ফুটবল কিংবদন্তি পেলেকে তার আত্মীয়-স্বজনরা হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মার্কা।বয়সের কারণে করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে। এছাড়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী সাবেক এই ফুটবলার। পেলের পাবলিক ইভেন্টগুলো দ্রুতই বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে পেলের ছেলে এদিনহো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বাবার শরীরের অবস্থা ভালো না। তিনি বাড়ির ভেতরে একা-নিভৃতে থাকেন। এড়িয়ে চলেন মানুষের সঙ্গ। পরে অবশ্য, পেলে তার ভক্তদের উদ্দেশে জানান, তিনি ভালো আছেন, “ভালো-খারাপ মিলিয়েই দিন যাচ্ছে। আমার বয়সে এমনটা স্বাভাবিক।” করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে ব্রাজিলেও। তা রোধে নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আহ্বান জানানো হয়েছে, নাগরিকদের সেলফ-কোয়ারেন্টাইনে থাকার।





