স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ নির্বাচন কমিশন যশোর-৬ কেশবপুর আসনের উপ নির্বাচন স্থগিত করেছে। নির্বাচন কমিশনের এই ঘোষনার পর শনিবার বিকেলে ধানের শীষ প্রতীকের এক জরুরি প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরূর ইসলাম মঞ্জু। তিনি বলেন, নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। কাজেই নির্বাচনী কার্যক্রম না থাকলেও দলকে সংগঠিত করার কাজে সকলকে মাঠে নামতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সংগঠিত করে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ বলেন, এ সময় নির্বাচনের কোনো কাজ করা না গেলেও বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিএনপি শক্তিশালী হলে নির্বাচন শক্তিশালী হবে। নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াস এর সভাপতিত্বে ও শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। আরও বক্তব্য রাখেন, নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মশিয়ার রহমান, পৌর বিএনপির সমন্বয়কারী বিএনপি নেতা কুতুব উদ্দিন বিশ^াস। জরুরি প্রতিনিধিসভায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





