স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ করোনাভাইরাসের আতঙ্কে যশোরের কেশবপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। জানা গেছে, কেশবপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা পণ্যের মূল্য তালিকা ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রয় করছেন। এমন খবর পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান শনিবার বাজারের কাঁচামালের আড়ৎ ও কাঁচাবাজারসহ বিভিন্ন মুদি দোকানে অভিযান চালান। এ সময় পণ্যের তালিকা না থাকা ও ক্রেতাকে বিক্রয়কৃত পণ্যের ভাউচার না দেয়ায় আড়ৎদার রাজু আহমেদকে ৫ হাজার টাকা, জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা, মিজানুর রহমান ৩ হাজার টাকা, সাইদুল ইসলাম ১ হাজার টাকা, ফিরোজ আহম্মেদ ১ হাজার, মুদি ব্যবসায়ী তপন পালকে ২ হাজার ও খলিলুর রহমানকে ক হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানাসহ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।




