নড়াইল অফিস॥ নড়াইলের চিত্রা নদীর রতডাঙ্গা এলাকা থেকে অশোক সরকার (৬০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের বাসিন্দা অশোক বাড়ির পাশে চিত্রা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে অশোক বাড়ির পাশে চিত্রা নদীতে নৌকায় টানা জাল দিয়ে মাছ ধরছিলেন। পরদিন সকালে তিনি বাড়িতে না ফেরায় ডুবুরিসহ স্থানীয় লোকজন তাকে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নদীতে অশোকের ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে তার লাশ চিত্রা নদীতে ভেসে ওঠে। এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, ‘অশোকের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে উদ্ধার হওয়া নৌকায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, নদীতে মাছ ধরার সময় চলাচলরত ট্রলারের আঘাতে নৌকা থেকে ছিটকে পড়ে মারা যেতে পারেন তিনি’। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা হয়েছে।





