কেশবপুরে নিরাপত্তা চেয়ে ধানের শীষের প্রার্থীর আবেদন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ নিজের ও কর্মীদের নিরাপত্তা চেয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, ‘আমি আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকের প্রার্থী। আমার ধানের শীষ প্রতীকের নেতাকর্মীদের ওপর নৌকা প্রতীকের কর্মীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে আসছে। ১৫ মার্চ সন্ধ্যায় কড়িয়াখালি ও সাতবাড়িয়া বাজারে গণসংযোগ চলাকালিন সময়ে সামসুদ্দিন, ভাটা সিদ্দিক, মশিয়ার গাইন ও মশিয়ার দফাদারসহ ৫০/৬০ জন মোটরসাইকেল মহড়ার মাধ্যমে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবুকে ভয়ভীতি, অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্বাচন পরিচালনা থেকে সরে আসার হুমকি প্রদান করেন। ১৬ মার্চ বেলা ১১ টায় বরণডালি বাজারে ধানের শীষ প্রতীকের পোস্টার টানানোর সময় মনি মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা বাধা প্রদান ও অন্যান্য স্থানে টানানো পোস্টার ছিড়ে ফেলেন এবং পোস্টার টানানো যাবে না বলে হুমকি প্রদান করেন’। ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে যেখানে গণসংযোগ করছেন সেখানেই নৌকা প্রতীকের বাজনাসহ উচ্চস্বরের সাউন্ড সিস্টেমের মাইক ব্যবহার করে শব্দ দূষণসহ উস্কানিমূলক আচরণ করা হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণ লঙ্ঘন করে মোটরসাইকেল মহড়াসহ অশ্লীল শ্লোগান দিয়ে ভোটারদের মাঝে ত্রাস সৃষ্টি করছে। প্রচার মাইকে বাধা প্রদান ও মারধর করে ভয় দেখিয়ে চলেছে। ১৭ মার্চ শ্রীফলা বাজারে নৌকা প্রতীকের পক্ষে তরিকুল ইসলাম টুটুল বিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে মারপিট ও হুমকি প্রদান করেন। সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা পুরাতন বাজারের মেহেদী হাসানের মুদি দোকান বন্ধ করে দেয়ার হুমকিসহ নানামুখি পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। ভালুকঘর বাজারের এ বিএম লতিফুজ্জামানের চেম্বারে করিম মোড়লের নেতৃত্বে টুটুল, আশরাফ, শামীমসহ প্রতিপক্ষের কর্মীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। একই দিনে সুফলাকাঠি ইউনিয়নের বেতিখোলা এলাকায় যুবদল নেতা কামরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করেন। তাকে প্রথমে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার দুপুরে প্রার্থীর বাসভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভায় বিভিন্ন ঘটনায় তীব্র নিন্দাসহ অবিলম্বে সুষ্ঠু নির্বাচনে দাবি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কেন্দ্রেীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন, প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াস, যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, শেখ শহিদুল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশসহ নেতৃবৃন্দ।

ভাগ