কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা থাকলেও কোটচাঁদপুরের এক প্রবাসী এ নির্দেশনা না মানায় তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। একই আদালত বেশি দামে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন। অপরদিকে শুক্রবার পাঁচশতাধিক আমন্ত্রিত অতিথি নিয়ে বিয়ে অনুষ্ঠান প্রসাশন বন্ধ করে দিয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম জানান, উপজেলার সলেমানপুর গ্রামের দাশপাড়ার মনিরুদ্দীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মিন্টু কয়েকদিন আগে দেশে ফেরেন। তাকে উপজেলা প্রশাসন থেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিলেও তিনি তা না মেনে উন্মুক্তভাবে চলাফেরা করতে থাকেন। এমন খবরে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এরপর ওই আদালত কোটচাঁদপুর শহরের চাল ব্যবসায়ী দীপংকর অধিকারী এবং রতন কুমার সাহাকে বেশি দামে চাল বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ১৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার ওসি মাহাবুবুল আলম। এছাড়া শুক্রবার কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড পাড়ার মোশারফ হোসেনের মেয়ের বিয়ে আনুষ্ঠান উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। ওই জাঁকজমকপূর্ণ বিয়েতে পাঁচ শতাধিক লোককে আমন্ত্রণ করা হয়েছিল। ফলে মোশারফ হোসেন বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে আমন্ত্রিত অতিথিদের বিয়ে অনুষ্ঠানে যোগ না দেয়ার অনুরোধ জানান। পৌর অডিটোরিয়ামে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ফলে বিয়ে অনুষ্ঠানটি খুবই স্বল্প পরিসরে হচ্ছে বলে জানা গেছে।





