ঝিকরগাছায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় বিল্লাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, গত বুধবার সকালে উপজেলার বাঁকড়া ইউনিয়নের মুকুন্দপুর স্কুল মাঠে। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় মুকুন্দপুর বাজারে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এক শালিশি বৈঠকের কথা থাকলেও বিল্লাল হোসেন উপস্থিত হয়নি। শুক্রবার রাত ৮টার দিকে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদেরকে জানান, গত মঙ্গলবার গভীর রাতে বাঁকড়া গাজিপাড়া গ্রামের অহেদ আলীর ছেলে বিল্লাল হোসেন তার বাড়ির একটি মরা গরু নিজেই জবাই করে। পরদিন সকালে ওই মরা গরুর মাংস পার্শ্ববর্তী মুকুন্দপুর স্কুল মাঠে নিয়ে গিয়ে গ্রামবাসীর কাছে বিক্রি করে। এক কেজি মাংস ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে বিল্লাল ফ্রি দিয়েছে বলেও জানান। এ ব্যাপারে অভিযুক্ত মাংস বিক্রেতা বিল্লাল হোসেন জানান, গরুটি তিনি বাজার থেকে কিনেছেন। কিন্তু হার্টএটাক করায় গভীর রাতে তিনি নিজেই জবাই করেছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় নানারকম জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

ভাগ