শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় ১৪৭ জন প্রবাসী দেশে ফিরেছেন। এসব বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার প্রশাসনিক নির্দেশনা থাকলেও কেউই মানছেন না এ নির্দেশনা। তারা স্বাভাবিক ভাবেই ঘুরাফেরা করছেন সর্বত্র। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়লেও প্রশাসন রয়েছে অনেকটা নীরব ভূমিকায়। গত এক সপ্তাহে এসব প্রবাসী করোনা ভাইরাস আতংকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাউথখালীর খুড়িয়াখালী গ্রামের এক সমাজসেবক জানান, তার গ্রামে এবং পার্শ্ববর্তী দণি চালিতাবুনিয়া, বগী, গাবতলা এলাকায় বেশ কিছু প্রবাসী করোনা ভাইরাসের ভয়ে দেশে ফিরেছেন। দেশে এসে তারা ফ্রি স্টাইলে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এ ব্যাপারে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, প্রশাসনের সাথে বৈঠক করে করণীয় নির্ধারণ করা হবে। শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ্ আবু সায়িদ জানান, প্রবাস ফেরতদের সচেতন করার জন্য তারা মাঠে নামবেন। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, হোম কোয়ারেন্টাইনে না থাকলে বিদেশ ফেরতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।





