স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছেন-শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোডের জামাত আলীর ছেলে রবিউল ইসলাম রবি (৪৮), নতুন খয়েরতলা বিহারী কলোনির আব্দুল হামিদের ছেলে আমিনুর রহমান (২৮), সদর উপজেলার মোমিননগর নওদাগ্রামের রেজাউল ইসলামের ছেলে মুকুল আহম্মেদ মিঠু (৩৪) ও বোলপুর দক্ষিণপাড়ার মৃত মতলেব মোল্যার ছেলে আব্দুস সালাম (৫২)।
যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তারা নওদাগ্রাম বিহারী কলোনি এলাকায় টহল দিতে গেলে সন্দেহভাজন দুই ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় তারা ধাওয়া করে রবিউল ইসলাম রবি ও আমিনুর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করেন। ফলে তাদের নিয়ে পুরাতন কসবা গাজীরঘাট রোডে আটক রবিউল ইসলাম রবির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ছাদ থেকে ইটের খেয়ার মধ্যে লুকিয়ে রাখা একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, এর আগে রাত সাড়ে সাতটার দিকে পুরাতন কসবা গাজীরঘাট রোডে আওয়ামী যুবলীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে তারা অভিযান চালান। এ সময় সেখান থেকে মুকুল আহমেদ মিঠু ও আব্দুস সালামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এ ব্যাপারে কোতয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার আটক ৪ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।





