স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে বিদেশ ফেরত ৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তালিকা ও নির্দেশনা অনুযায়ী তাদেরকে নিজ বাড়িতে সাময়িকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন স্থানীয় পুলিশ প্রশাসন ও কয়েকজন সাংবাদিককে সাথে নিয়ে অভয়নগর উপজেলার বনগ্রামের আসাদুল করিম (ইতালি ফেরত), মাগুরা গ্রামের আমিনুর (ইতালি ফেরত) ও শহিদুল (ইতালি ফেরত), চেঙ্গুটিয়া গ্রামের আবদুল কাদের (সিঙ্গাপুর ফেরত), পায়রা গ্রামের মুসা (সৌদি ফেরত), ভাঙ্গাগেট এলাকার জিহাদুল (সিঙ্গাপুর ফেরত), বুইকরা গ্রামের রহিমা বেগম (দুবাই ফেরত) ও বালিয়াডাঙ্গা গ্রামের সাত্তার মোল্যার (মালয়েশিয়া ফেরত) বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী জানান, এ পর্যন্ত অভয়নগর উপজেলায় ৮ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই স্বাভাবিক অবস্থায় রয়েছেন বলে জানান তিনি।





