কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে বিদেশ ফেরত ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন-কাদিরকোল গ্রামের দুবাই ফেরত বোরাক হোসেনের ছেলে মো. শাহাজান আলী, সিংদহ গ্রামের দুবাই ফেরত মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা, সিংদহ গ্রামের ভারত ফেরত জ্যোতিষ দাসের ছেলে বানী কান্ত দাস, সিংদহ গ্রামের মালয়েশিয়া ফেরত আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুত হোসেন ও কমলাপুর গ্রামের সৌদি আরব ফেরত মতলেব খা’র ছেলে হুজুর আলী। ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, জনস্বার্থে উল্লেখিত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া গত দু মাসের মধ্যে যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের বিষয়ে ইউনিয়ন পরিষদে রিপোর্ট করতে বলা হয়েছে।





