লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার শেষে গত পরশু দেশে ফিরেছেন টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। তাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীও। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন দেবাশিষ চৌধুরী নিজেই। তিনি বলেন, ‘আমরা দু’দিন হলো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে অনিক ও মৃত্যুঞ্জয়ও। এখন তিনজনই হোম কোয়ারেন্টিনে আছি। সরকারের এটি নির্দেশ।
আমাদের মানতেই হবে। আমরা যদি না মানি অন্যদের জন্য এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা বিদেশ থেকে যারা আসবে সবারই উচিত। নিজে যেন ভুল করে অন্যের জন্য বিপদ না হয় এটাই ভাবতে হবে। করোনা নিয়ে কোন ঝুঁকি নেয়া যাবে না।’ জানুয়ারিতে ইনজুরিতে পড়েন জাতীয় দলের তরুণ ওপেনার সাদমান ইসলাম অনিক। যে কারণে পাকিস্তান সফর ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। হাতের কব্জির ইনজুরিটা শুরুতে সাধারণ মনে হলেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়। অন্যদিকে কাঁধের ইনজুরির কারণে দক্ষিণ অফ্রিকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝপথে ফিরিয়ে আনা হয়ে পেসার মৃত্যুঞ্জয়কে। শেষ পর্যন্ত চলতি মাসের শুরুতে দু’জনকে নিয়ে অস্ট্রেলিয়া যান দেবাশিষ চৌধুরী। সেখানে বিশিষ্ট শল্যবিদের অধীনে অস্ত্রোপচার হয় অনিক-মৃত্যুঞ্জয়ের। এখন তারা ভালো আছেন বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক। তাদের মাঠে ফিরতে তিন মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানান দেবাশিষ। তিনি বলেন, ‘ওরা দু’জন (সাদমান-মৃত্যুঞ্জয়) ভালো আছে। মাঠে ফেরার বিষয়টা এখন বলা কঠিন। তবে তিন মাস লাগবেই। বেশিও লাগতে পারে।’





