ফুলতলা (খুলনা) অফিস ॥ ট্রেনের ধাক্কায় শেখ শামসুল হক (৫১) নামে ব্র্যাকের এক শাখা ব্যবস্থাপক নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টায় খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের ইউসুফ শেখের পুত্র। তিনি ব্র্যাকের বেজেরডাঙ্গা শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছর কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় নিজ অফিস থেকে মোটরসাইকেলে তিনি ঢাকুরিয়া গ্রামের একটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। বেজেরডাঙ্গা রেলস্টেশন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আপ রকেট ট্রেন তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃতুুুুু্যু ঘটে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে দুপুরে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে। ব্র্যাক অফিস সূত্র জানায়, নিহত শামসুল হকের স্ত্রী শিরিনা বেগমও ব্র্যাক নড়াইলের বাঁশগ্রাম শাখা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত। তার ১ কন্যা ও ১ পুত্র রয়েছে। প্রত্যক্ষদর্শী মো. সেকেন্দার আলী বলেন, ’লাশের সাথে ছিটকে পড়া হেলমেটের মধ্যে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়। মোটরসাইকেল চালানোর সময়ে হেলমেটের মধ্যে রাখা মোবাইল ফোনে তিনি কথা বলছিলেন। যে কারণে ট্রেনের উপস্থিতি তিনি বুঝতে পারেননি। ফলে তিনি এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।





