লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জনসচেনতা সৃষ্টির পরিকল্পনার পাশাপাশি সংক্রমণ রোধে সতকর্তা হিসেবে সদর দপ্তরের কাজ বাসা থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনাল। বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্ততি তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, “হেড অফিসে কার্যক্রম এই শুক্রবার থেকে আমরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করে দিচ্ছি। ব্র্যাকে হেড অফিসে ২ হাজারের মতো কর্মী আছে। তারা বাসা থেকে কাজ করবেন। “আগামী সপ্তাহে আমরা ইভালুয়েট করব, কত দিন এটা কন্টিনিউ করব।” প্রধান কার্যালয়ের বাইরে সারা দেশে ২৫ হাজার শাখা অফিসে ৪৫ হাজার কর্মী রয়েছে; এর বাইরে সারা দেশে ৫০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী রয়েছে ব্র্যাকের। উচ্চ মাত্রায় ছোঁয়াচে এই ভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যে কর্মসূচি সংকুচিত করারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই এনজিও। আসিফ সালেহ বলেন, “ফিল্ড অফিসে আগামী সপ্তাহে অপারেশন ছোট করে দেব। আমাদের ৪৫ হাজার কর্মী কার্টেইলড অবস্থায় কাজ করবে, তারা যা কাজ করবে তা কভিড-১৯ মোকাবিলায়, তারা কমিউটিনিটি সেনসিটাইজেশনে কাজ করবে।”





