লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলে নিজে সুস্থ থাকবেন, পরিবারও নিরাপদ থাকবে। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সরকারি নির্দেশনা মেনে চলবেন। মঙ্গলবার বিকেলে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কলেজ সূত্র জানায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকবর আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র মো. আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কলেজ শিক্ষক তারেক আলম প্রমুখ।
সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মঙ্গলবার লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের নানা কর্মসূচিতে অংশ নেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাজের মাধ্যমে এগিয়ে যাবার আহবান জানান। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭ কোটি ৩১ লাখের বেশি টাকা ব্যয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নতুন ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করছে।



