বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে জায়গা না পেয়ে ভ্যানের ওপর সন্তান প্রসব করেছেন এক মা। হাসপাতালের ডেলিভারি কক্ষ তালাবদ্ধ থাকায় সেবিকারা হাসপাতাল চত্বরের সামনে ভ্যানের ওপর ওই মায়ের সন্তান প্রসব করান। পরে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী রয়েছে এমন কথা শুনে বাড়িতে চলে যান নবজাতকের মা ও তার স্বজনরা।
প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে প্রসব বেদনা উঠলে ভ্যানযোগে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. শাজাহানের স্ত্রী এমিলি বেগম (২৫) কে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তখন ডেলিভারি কক্ষ (গাইনী ওয়ার্ড) তালাবদ্ধ ছিল। ফলে হাসপাতালের শয্যায় নেয়া যায়নি এমিলিকে। এ অবস্থায় ভ্যানের ওপর ওই মায়ের সন্তান প্রসব করানো হয়। তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর ‘করোনা রোগী’ এই হাসপাতালে ভর্তি আছে এমন কথা শুনে তাৎক্ষণিক ওই মাকে নিয়ে তার স্বজনেরা চিকিৎসা ছাড়াই চলে যান। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, শুনেছি একজন প্রসূতি মা হাসপাতালে এসেছিলেন। তখন ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মচারী মো. শাহজাহান তালা খুলে না দেওয়ায় ভ্যানের ওপর ওই মা সন্তান প্রসব করেন। দায়িত্ব অবহেলার কারণে শাহজাহানকে শোকজ করা হচ্ছে এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, করোনা আক্রান্ত সন্দেহে ভারত থেকে আসা আব্দুল আউয়াল নামের এক রোগী হাসপাতালের দ্বিতীয়তলায় রয়েছেন। এ কারণে এখানে কোন রোগী ভর্তি থাকছেন না।




