ভেকুটিয়ায় হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় লিটন হোসেন (৪০) আহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে আহত লিটন হোসেনের ভাই ফারুক হোসেন ৬ জনকে আসামি করে মামলাটি করেছেন।আসামিরা হচ্ছেন-বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান, তার ছেলে শাহিন ও মাসুম, পাকদিয়া গ্রামের সুলতান আহমেদ হেজ্জার ছেলে জুয়েল হোসেন, রুবেল হোসেন ও নুর হোসেন।
বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত সোনাই মোড়লের ছেলে ফারুক হোসেনের অভিযোগ, ভেকুটিয়া গ্রামের শাহিন, মাসুম, জুয়েল, রুবেল ও নুর হোসেন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি ও তার ভাই লিটন তাদেরকে এলাকায় মাদক ব্যবসা করতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হন। তারা তাদের দুই ভাইকে এ জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। গত ১৩ মার্চ দুপুর পৌনে একটার দিকে তার ভাই লিটন ব্যবসায়ীক পার্টনার আজগর হোসেন মিন্টুর সাথে মোটরসাইকেলে বাড়ি থেকে বড় ভেকুটিয়ায় যাচ্ছিলেন। পথে বালিয়া ভেকুটিয়া গ্রামের শহীদ মোড়ে পৌঁছালে উল্লিখিত আসামিরা মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় আসামি সিদ্দিকুর রহমানের হুকুমে অন্যরা তার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তারা তার ভাইয়ের কাছ থেকে ব্যবসার আড়াই লাখ টাকাও ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত লিটনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভাগ