স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে ইকোকার্ডিওগ্রাম ও সিটিস্ক্যান মেশিনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গতকাল সকাল পৌনে ৮টায় করোনারি কেয়ার ইউনিটে ইকোকার্ডিওগ্রাম এবং ৮টায় সিটিস্ক্যান মেশিনের উদ্বোধন করেন। এরপর তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত চিত্র প্রদর্শনী, রোগী কল্যাণ সমিতি প্রদত্ত সদ্য ভূমিষ্ট শিশুদের পোশাক ও প্রসূতি মায়েদের শাড়ি এবং শিশু চিকিৎসাধীন শিশুদের খেলনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলার ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশকে শুধু স্বাধীন করেননি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেছেন। শিশুরাই দেশের ভবিষ্যত। শিশুদের তিনি ভালবাসতেন, আদর করতেন। সকল মানুষ সুস্থ থাক একথা চিন্তা করে স্বাস্থ্যসেবায় বঙ্গবন্ধু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. গিয়াস উদ্দিন আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর বিএমএ সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ ও ডা. ইয়াকুব আলী মোল্যা, ডা. শ্যামল কৃষ্ণ সাহা, সাবেক সিভিল সার্জন ডা. মো. আতিকুর রহমান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আক্তারুজ্জামান প্রমুখ। পরে স্বাচিপের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বিএমএ পক্ষ থেকে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, সন্ধানীর পক্ষ থেকে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এদিকে, যশোর মেডিকেল কলেজে অধ্যক্ষ ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ কেক কেটে জন্ম শতবার্ষিকীর উদ্বোধন করেন। এখানে দোয়া মাহফিল শেষে ঘাতক দালাল নির্মূল কমিটি বৃক্ষ রোপণ করে। এর আগে যশোর সিভিল সার্জন অফিসে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদ্বোধন করেন।





