স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশের এসআই পদের ভুয়া পরিচয়পত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে শহরতলীর চাঁচড়া চেকাপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটক ওই দুই যুবক হচ্ছেন-সদর উপজেলার ভগবতিপুর গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে শামিম হোসেন ও মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাকিল হোসেন। পুলিশের একটি সূত্র জানায়, কোতয়ালি থানা পুলিশের এসআই অনুপম রায় বেলা ১১ টার দিকে চাঁচড়া চেকপোস্টে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় শামিম হোসেন ও শাকিল হোসেন একটি মোটরসাইকেল নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়। পরে তাদের কাগজপত্র পরীক্ষা করতে চাইলে তারা ব্যস্ততা দেখিয়ে চলে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। এক পর্যায়ে সন্দেহ হওয়ায় শামিম হোসেনের শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় পকেটে তার ছবি সম্বলিত এসআই পদের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। কিন্তু এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি শামিম হোসেন। ফলে তাকে এবং শাকিল হোসেনকে আটক করে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।





