করোনাভাইরাস ও স্ত্রী বিহনে ম্যাকলেনাহান

লোকসমাজ ডেস্ক॥ ‘যখন তুমি হতাশ হতে শুরু করবে, ভেবে দেখবে… পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। অন্তত স্ত্রীর সঙ্গে তোমাকে একঘরে আটকে থাকতে হচ্ছে না। ভালোবাসি তোমায়।’-এমন হাসি-ঠাট্টায় ভরা একটি পোস্ট ভাইরাল হচ্ছে টুইটারে। কথাগুলো ১৪ দিনের স্বেচ্ছায় নিজের বাড়িতে সঙ্গনিরোধে (কোয়ারেন্টাইন) থাকা নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকলেনাহানের স্ত্রীর। পাকিস্তান সুপার লিগ না খেলেই করোনা আতঙ্কে দেশে ফিরে এসেছেন ম্যাকলেনাহান। দেশে ফিরেই ফাঁকা ঘর দেখে তার অস্বস্তি বাড়লো। করোনাভাইরাসে দেশটিতে আরোপ হয়েছে কড়াকড়ি। অস্ট্রেলিয়া পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে কেউ ঢুকলেই তাকে বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় চলে যেতে হবে ১৪ দিনের সঙ্গনিরোধে। প্রাণঘাতী ভাইরাস বলেই সংক্রমণের ভয় আছে। তাই ম্যাকলেনাহান বাড়ি ফেরার আগেই স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি। যাওয়ার আগে স্বামীর উদ্দেশে ফ্রিজে রেখে গেছেন মজার একটা চিরকুট। স্ত্রীকে ছাড়া সামনে একাকি সময় কাটাতে হবে জেনেও হাসিমুখে সেই চিরকুটের ছবি পোস্ট দিয়েছেন কিউই পেসার। তাতে লেখা ছিল, ‘সরাসরি বাড়ি পৌঁছেই আইসোলেশনে। সঙ্গে আমার কিংবদন্তি স্ত্রীর কাছ থেকে পাওয়া এই চিরকুট। সে কয়েক সপ্তাহের জন্য বাবা-মায়ের কাছে গেছে। সবার সঙ্গে ১৪ দিন পর দেখা হবে।’ এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছিলেন ম্যাকলেনাহান। বাড়ি আসার আগে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন।

ভাগ