লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মো. শাহজাহান বলেছেন, ‘এই উপনির্বাচনে প্রচারণাকালে প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনও আমাদের সহযোগিতা করে আসছে। নির্বাচনের দিন পর্যন্ত যদি এ পরিবেশ অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি, নির্বাচন নিয়ে জনগণের মনে যে অনীহা ছিল তা কেটে যাবে। ভোটকেন্দ্রে ভোটারদের খরা কেটে যাবে।’
সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী ঢাকা-১০ আসনের নির্বাচনী এলাকায় ট্যালি অফিস, রায়েরবাজার বউবাজার, কালুনগর, গজমহল, কোম্পানিঘাট, ভাগলপুর লেন, বাড্ডা নগর, গণকটুলী, খলিল সরদার মসজিদ রোড, ছয়তলা স্টাফ কোয়ার্টার, নবাবগঞ্জ সেকশন, নীলাম্বর শাহ রোড, ঋষিপাড়া, তল্লাবাগ, ও চরকঘাটা লেন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। প্রচারণাকালে তিনি নেতাকর্মীদের নিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার মিছিলে অংশ নেন এবং চারটি পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এ নির্বাচনকে কেন্দ্র করে অত্র এলাকায় কোনো সহিংসতা হয়নি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে যে যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছি। যে কারণে এলাকার ভোটাররাও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী। আমি আশা করি, ভোটের দিন পর্যন্ত এ পরিবেশ অব্যাহত রাখার বিষয়ে নির্বাচন কমিশন, প্রশাসন ও সরকার জোরালো ভূমিকা রাখবে।’ এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, হাজী সাব্বির, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, খায়রুল আলম, শওকত হোসেন, আব্দুল মালেক, দুর্জয় ফরাজী, আবুল হোসেন ও হাজী শাহজাহানের ছেলে সাজ্জাদ চৌধুরী শিহাবসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





