ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ছয় লিটার মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিওরদাহ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী গ্রামের দাউদ হোসেনের পুত্র মোজ্ফ্ফর ও শিওরদাহ গ্রামের মশিয়ার রহমানের পুত্র কবির হোসেন। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার বাদী শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই এজাজুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই দুই ব্যক্তি ৬ লিটারের কিছু বেশি মদ নিয়ে নাভারণ থেকে ঝিকরগাছায় ফিরছিলেন। খবর পেয়ে কুন্দিপুর রেলওয়ে লাইনের পাশ থেকে মদসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে পুলিশ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।




