অভয়নগরে রিপন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে দিনমজুর রিপন হত্যার ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় মানববন্ধন করেছে এলাকাবাসী। নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা মানববন্ধনে পায়রাহাট এলাকাবাসী রিপন হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত রিপন শেখের চাচা আবু হানিফ, এলাকাবাসীর মধ্যে গোলাম মোস্তফা গাজী, আজিবর রহমান, হাসিবুর রহমান, ইয়ামিন খাঁন প্রমুখ। বক্তারা নিহতের স্ত্রী, শাশুড়ি ও নিহতের লাশটি সরিয়ে নিতে সহযোগিতাকারী পৌর কাউন্সিলর রাশিদা বেগম ও রফিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অভিযোগে জানা যায়, গত শুক্রবার ভোর রাতে রিপন গাজীকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর ট্রেন দুর্ঘটনায় মারা গেছে বলে প্রচার করা হয়। এসময় স্থানীয় পৌর কাউন্সিলর রাশিদা বেগম ও রফিকের সহযোগিতায় লাশটি সরিয়ে ফেলা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একতার পুরের একটি বাগান থেকে রিপনের লাশ উদ্ধার করে। এব্যাপারে অভয়নগর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

ভাগ