স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পোস্টার ছিঁড়ে, নেতাকর্মীদের হুমকি ও মারপিটের রাজনীতি ছাড়–ন। সাহস থাকলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করুন। জনগণ আপনাদের থেকে বহুদিন আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। রোববার বিকেলে যশোর-৬ আসনের (কেশবপুর) উপনির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আপনারা এক একজন প্রার্থী হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করুন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম সচিব দেলোয়ার হোসেন খোকন ও বিএনপি নেতা যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর পৌর এলাকার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা এস এম বাবর আলী, এস এম শফিকুল ইসলাম, রেজাউদ্দৌলা নিজাম, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, সাখাওয়াৎ হোসেন, গোলাম মোস্তফা বাবু, জামাল উদ্দিন, রেজাউল ইসলাম, সাবেক চেযারম্যান কে এম খলিলুর রহমান, হুমায়ুন কবীর, মকবুল হোসেন মুকুল, সৈয়দ জাফর হাসান লাবলু, মাস্টার আমানত আলী, জি এম মহিউদ্দিন,আলতাফ হোসেন প্রমুখ।





