মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর)॥ ৬ মাস পর ভারত থেকে পেঁয়াজের নতুন চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। গতকাল রবিবার বিকালে ৩ টি ট্রাকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। দুটি কনসারমেন্টে এই পেঁয়াজ আমদানি হয়। যার আমদানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার হামিদ এন্টার প্রাইজ ও মাহি এন্ড মাহিবি এন্টারপ্রাইজ। এর মধ্যে হামিদ এন্টারপ্রাইজ ৬৩ মেট্রিক টন এবং মাহি এন্ড মাহিবি এন্টারপ্রাইজ ২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে ৩০৫ ডলারে। খুলনার হামিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল হামিদ জানান,দেশে এবার প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। দাম ও অনেক কম। ছোট একটি এলসি দিয়েছি। যার বিপরীতে ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে ঢুকেছে। বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইনের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার ভারত থেকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড় করনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কে নির্দেশনা দেওয়া হয়েছে। শূণ্য ডিউটি দিয়ে এই পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে খালাশ দেওয়া হয়েছে। বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৫৩ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে।





