স্টাফ রিপোর্টার ॥ মহিলা বিষয়ক অধিদফতরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রোববার যশোরে এবিএস খান স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর শহরের ঘোপ এলাকার আব্দুর রহমান সাগর নামে এক যুবক মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার অভিযোগ আমলে নিয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন। অভিযুক্ত এবিএস খান স্বপন ঢাকার ধানমন্ডি কলাবাগান এলাকার গালফ সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক। আব্দুর রহমান সাগরের অভিযোগ, মহিলা বিষয়ক অধিদফতরে আউট সোর্সিংয়ে পিওন পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ২০১৯ সালের ১ জানুয়ারি তার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন এবিএস খান স্বপন। এরপর নিজ প্রতিষ্ঠানের প্যাডে তাকে গত ৭ জানুয়ারি একটি নিয়োগপত্র দিয়ে যশোর মহিলা বিষয়ক অধিদফতরে যোগদানের জন্য বলা হয়। কিন্তু পরে যোগদান করতে গিয়ে জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া। ফলে টাকা ফেরত দেওয়ার জন্য এবিএস খান স্বপনকে বলা হলে তিনি তালবাহনা করতে থাকেন। এক পর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন।





