২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে: আইইডিসিআর

লোকসমাজ ডেস্ক॥ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) রোববার জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সারা দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। রাজধানীর মহাখালীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রবিবার দুপুরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফোরা বলেন, এখন পর্যন্ত দেশের ৮ বিভাগে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ জন। আর আইসোলেশনে আছেন ১০ জন। তিনি বলেন, দেশে নতুন করে দুজন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে। আইইডিসিআর পরিচালক বলেন, “আমরা এ পর্যন্ত ২৩১ জন রোগীর নমুনা পরীা করেছি। গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীা করা হয়েছে। এ পর্যন্ত আমরা পাঁচজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছি।” নতুন আক্রান্ত দুজন রোগী ইউরোপ থেকে এসেছেন বলেও জানান তিনি।
ডা. ফোরা আরও বলেন, “তাদের এক ব্যক্তির বয়স ২৯ বছর, তিনি জার্মানি থেকে দেশে এসেছেন। অন্যজনের বয়স আনুমানিক ৪০ বছর, তিনি ইতালি থেকে এসেছেন। তারা উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সমস্যায় ভুগছেন। তবে তাদের দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।” ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি শনাক্ত হওয়ার এক সপ্তাহের মাথায় আরও দুজন আক্রান্ত হওয়ার বিষয়টি সরকার নিশ্চিত করল। এ নিয়ে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হলো। তবে করোনাভাইরাস শনাক্ত হওয়া প্রথম তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। এ দিকে ইতালি থেকে রবিবার সকালে আরও ১৫২ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। তাঁদের সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। এর আগে শনিবার ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি ঢাকায় আসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইউরোপকে বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ‘কেন্দ্রস্থল’ বলেছেন। বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯ জনে।

ভাগ