জীবনজীবনের জন্য: টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না অগ্নিদগ্ধ শিশু সাথির

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বাড়ির উঠোন আলো করে বেড়ানো ফুটফুটে পাঁচ বছরের সাথী খাতুন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অন্য শিশুদের নিয়ে ভাত রান্না খেলা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে। শিশু সাথীর মা কল্পনা খাতুন জানান, টাকার অভাবে তার মেয়ের চিকিৎসা করাতে পারছেন না। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা তো দূরের কথা মেয়েকে বহন করে নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়ার টাকাও তাদের কাছে নেই। বাধ্য হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মেয়েকে নিয়ে পাঁচ দিন পড়ে আছেন।
সাথী খাতুন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের আব্দুল হান্নান শেখের মেয়ে। হাটে হাটে ইঁদুর মারা ওষুধ বিক্রেতা আব্দুল হান্নানের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। চার মেয়ে ও এক ছেলে তার। অগ্নিদগ্ধ সাথী সবার ছোট। আব্দুল হান্নান জানান, গত বুধবার ফাঁকা বাড়িতে আগুন নিয়ে খেলতে গিয়ে সাথীর জামায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে আরও দুই শিশুর হাত পুড়ে যায়। আগুনে সাথীর শরীরের এক তৃতীয় অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসা করালে ফুটফুটে মেয়েটি সুস্থ হয়ে উঠতো বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। কিন্তু টাকার অভাবে সাথীর চিকিৎসা হচ্ছে না। সমাজের বিত্তবানদের কাছে সাথীর হতদরিদ্র পিতা আব্দুল হান্নান শেখ আর্থিক সহায়তা চেয়েছেন। আব্দুল হান্নানের সাথে যোগাযোগ, মোবাইল ফোন নম্বর ০১৯৬৬-৭৯৫৫৯৪, বিকাশ নং (ভাই আল আমিন) ০১৯১২-০২৫৭৯০

ভাগ