লোকসমাজ ডেস্ক॥ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং দিকনির্দেশনা দিতে আয়োজিত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮টি মন্ত্রণালয়ের সচিব বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সভার বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সভা থেকে শিল্প এবং শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বাস, ট্রেন বা নৌযানে চলাচলের সময় যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। যাত্রীরা নেমে যাওয়ার পর যানবাহন যেন জীবাণুমুক্ত করা হয়, সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারও জ্বর থাকলে কোনোভাবেই যানবাহনে যাতায়াত না করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে শনিবার যুক্তরাজ্য ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশের কোনো উড়োজাহাজ বাংলাদেশে আসবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।




