যবিপ্রবি সংবাদদাতা॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জরুরি রোগীদের চিকিৎসার প্রয়োজনে মানবতার ডাকে সাড়ে দিয়ে যবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। রোববার সকালে যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে বিশ^বিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এআইএস ক্লাব স্বেচ্ছায় এই রক্তদান কর্মসূচির আয়োজন করে। রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ২০২০-এর আহ্বায়ক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল প্রমুখ। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, যশোর। রক্তদানের পূর্বে রক্তদাতাদের প্রাথমিক স্ক্রিনিং করা হয় এবং রক্তদাতাকে একটি ডোনার কার্ড, টি-শার্ট এবং রক্তের রিপোর্ট ও সনদ প্রদান করা হয়।





