যশোরের খড়কিতে হামলায় জখম শ্রমিক নেতা

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জমির রাস্তা নিয়ে বিরোধে কোদালের আঘাতে আহত হয়েছেন যশোরের মোটর শ্রমিক নেতা নাজিম উদ্দিন বাহাদুর (৩৫)। তিনি জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। তার বাড়ি যশোর শহরের খড়কি হাজামপাড়ায়। আহত বাহাদুর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্রমিক নেতা বাহাদুর জানান, তিনি প্লটের ব্যবসা করেন। ওই এলাকার মৃত মোনতাজ উদ্দিনের ছেলে হান্নান প্রায়ই তার কাছে চাঁদা দাবি করে আসছে। শনিবার সকালে তিনি খড়কি আয়েশা ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হান্নানসহ ৪/৫ জন সেখানে যায় এবং ৫ লাখ টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে হান্নানের হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে তারা বেদম মারপিট করে। পরে তারা চলে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করেন। তবে এলাকার একটি সূত্র জানিয়েছে, ওই এলাকার একটি জমির রাস্তা নিয়ে হান্নানের সাথে দীর্ঘদিন ধরে বাহাদুরের বিরোধ চলে আসছে। শনিবার সকাল ১০ টার দিকে জমির রাস্তা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বাহাদুর গালিগালাজ করলে হান্নান পাশ থেকে একটি কোদাল নিয়ে তার মাথায় আঘাত করে। এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) আহসান উল্লাহ জানিয়েছেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বাহাদুর নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি বা তার পক্ষে কেউ লিখিত অভিযোগ করেননি।

ভাগ