পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় গ্রাম আদালত নিয়ে কটুক্তি ও গ্রাম পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে বিচারক প্রতিবাদীকে উপযুক্ত আদালতে যাওয়ার আদেশ দেওয়ায় প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, উপজেলার পশ্চিম দীঘা মৌজায় কল্লোল মন্ডল ও পিযুষ মন্ডলরা ৬২ বিঘা জমিতে এওয়াজ সূত্রে ১০ বছর ধরে চিংড়ি চাষ করে আসছেন। ২০১৯ সালের এক সালিশি বৈঠকে যার যার জমিতে দখলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর পিযুষরা শর্ত ভঙ্গ করলে সোলাদানা ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে ২৪ ফেব্রুয়ারি কল্লোল মন্ডল মামলা করেন। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান উভয়পক্ষকে দুইজন প্রতিনিধি সদস্য মনোনীত করার নির্দেশ দেন। কল্লোল মন্ডল দুইজন সদস্য মনোনীত করলেও পিযুষ মন্ডলরা কোন সদস্যের তালিকা জমা দেননি। বরং গ্রাম আদালত ও বিচারককে নিয়ে কটুক্তি করেন। এছাড়া গ্রাম পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিচার কাজে দ্বিতীয়পক্ষের এ অসহযোগিতার কারণে বিষয়টি নিষ্পত্তির জন্য উপযুক্ত আদালত আদেশ দেন। এ বিষয়ে ক্ষিপ্ত হয়ে পিযুষরা আদালতের বিচারক ও ইউপি চেয়ারম্যান এস. এম এনামুল হককে জড়িয়ে ১৩ মার্চ কাল্পনিক ঘের দখলের অভিযোগ তুলে কল্লোল মন্ডলসহ ১৩ জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এস. এম এনামুল হক বলেন, ‘বারবার উভয়পক্ষকে গ্রাম আদালতে নোটিশ করে হাজিরার কথা বলা হলেও প্রথমপক্ষ হাজির থাকলেও দ্বিতীয়পক্ষ হাজির হয়নি। বরং বিচারকার্যে তারা অসহযোগিতা করায় তাদেরকে উপযুক্ত আদালতে যাওয়ার আদেশ দেয়া হয়েছে’।




