সাতক্ষীরা সংবাদদাতা॥ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কাপড়ে জড়ানো একটি সদ্য ভূমিষ্ঠ মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় কুড়িয়ে পেয়েছেন মো. সবুজ সরদার নামে এক অ্যাম্বুলেন্স চালক। শনিবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহা ব্রিজের খালের পাড় থেকে সবুজ ওই নবজাতককে শিশুটিকে উদ্ধার করেন। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকনাথ ক্লিনিকের অ্যাম্বুলেন্স চালক সবুজ সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী হস্তান্তর শেষে ফেরার পথে শাঁকদহা ব্রিজের খালের পাড়ে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটিকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করেন। ওসি আরও জানান, কার সন্তান বা কে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। তবে শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। শিশুটি সবুজের হেফাজতে রয়েছে। তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড এলাকার সোনাই সরদারের ছেলে সবুজ জানান, তার আট মাসের একটি কন্যা সন্তান রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যাটিকেও সে নিজের কাছে রেখে মেয়ের মতোই বড় করতে চান তিনি।





