স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা পৌরসভার ৪ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। এবারের নির্বাচনে যারা লড়াই করছেন তারা সকলেই সরকার দলীয় প্রার্থী। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, করছেন ভোট প্রার্থনা। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে এখনও তেমন সাড়া পড়েনি বলে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌগাছা পৌরসভার ৪ নম্বর সাধারণ ওয়ার্ডের দ্বিতীয় উপনির্বাচন। এ নির্বাচনে ১৯ শ ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ৬ জন মনোনয়ন ফরম ক্রয় করলেও শেষমেষ ৫ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। যারা নির্বাচনে লড়ছেন তারা হলেন, ডালিম প্রতীক নিয়ে আহাদুল ইসলাম নজরুল, ব্লাকবোর্ড প্রতীক নিয়ে অবাইদুল ইসলাম ফন্টু, টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে মোহাম্মদ আলী খোকন, পানির বোতল প্রতীক নিয়ে সাহাবুদ্দিন এবং পাঞ্জাবি প্রতীক নিয়ে লড়াই করছেন সিদ্দিকুর রহমান সিদ্দিক।
ওয়ার্ডের একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে, উপনির্বাচনে একাধিক প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকলেও তারা সকলেই সরকার দলীয়। অন্য কোন দলের প্রার্থী না থাকায় ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই। তবে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা কথার ফুলঝুড়ি নিয়ে ছুটছেন দ্বারে দ্বারে। উল্লেখ্য, ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক পদত্যাগ করে উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়। পরবর্তীতে সেখানে উপনির্বাচন হলে হারুন অর রশিদ কাউন্সিলর নির্বাচিত হন। তার মৃত্যুতে নির্বাচন কমিশন সেখানে পুনরায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।




