পাসপোর্ট যাত্রীদের ভারতে যাওয়া বন্ধ হলেও আমদানি-রফতানি বাণিজ্যে প্রভাব পড়েনি

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ করোনা ভাইরাস আতঙ্কে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ভারতে যাওয়া বন্ধ হলেও দু দেশের আমদানি-রফতানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। চিরচেনা জনাকীর্ণ বেনাপোল চেকপোস্ট বর্তমানে প্রায় জনশূন্য। অথচ এর আগে প্রতিদিন ৭/৮ হাজার পাসপোর্টযাত্রী ভারতে গেছেন এই চেকপোস্ট দিয়ে। তবে যারা ১৩ মার্চের আগে ভারতে গিয়েছিলেন তারা বেনাপোল চেকপোস্ট দিয়েই বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। বর্তমানে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হলেও দু দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এদিকে ৮ সদস্যের মেডিকেল টিম ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে কোরোনা ভাইরাসের পরীক্ষা করছেন। তবে গতকাল পর্যন্ত ১ লাখ ৬০ হাজার পাসপোর্ট যাত্রীকে করোনা ভাইরাস পরীক্ষা করা হলেও কেউ শনাক্ত হয়নি। নিষেধাজ্ঞায় বলা হয়, ভুটান ও নেপালের ট্রানজিট ভিসাধারীরা ভারতে প্রবেশ করতে পারবেন। প্রকল্পের কাজে নিয়োজিত, অফিসিয়াল পাসপোর্ট, কুটনৈতিক ভিসা, ইউএন পাসপোর্ট, সার্ক ও বিশেষ ভিসাধারী ছাড়া এই মুহূর্তে কেউ ভারতে যেতে পারবেন না। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, সকাল থেকে এ পর্যন্ত ৩৫৮ জন ভারতীয়সহ বিদেশি পাসপোর্টযাত্রী ভারতে গেছেন। ভারত থেকে ১ হাজার ৯ শ জন যাত্রী বাংলাদেশে ফেরত এসেছেন। এদিকে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (কার্গো) রাশেদুল ইসলাম জানান, সকাল থেকে এ পর্যন্ত ২২০ ট্রাক মালামাল ভারত থেকে আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে ৯৫ ট্রাক মালামাল।

ভাগ