শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের রাজন (৩০) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। রাজন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের বিছানায় ব্যথার যন্ত্রণায় ছটফট করছেন। তিনি ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাজন ইজিবাইকে গত সোমবার সকালে যাত্রী নিয়ে ওয়াপদা মোড়ে নামিয়ে দিয়ে দুপুরের দিকে আমতৈল গ্রামের শানপুকুর নামক এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে নোহাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজিম, তারাউজিয়াল গ্রামের কওসারের ছেলে মিথুন ও মনিকুলের ছেলে পারভেজসহ একদল সন্ত্রাসী রাজনের কাছে চাঁদা দাবি করে। রাজন দিতে অস্বীকৃতি জানালে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে কাছে থাকা আনুমানিক ৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। পরে তার আর্তচিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে বাড়িতে খবর দেন। রাজন বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





