লোকসমাজ ডেস্ক॥১৯৯২ সালে প্রিমিয়াম লিগ নামকরণের পর একবারও ট্রফি জিতে পারেনি লিভারপুল। অথচ প্রতিযোগিতাটি যখন ইংলিশ প্রথম বিভাগ নামে ছিল, তখন জিতেছিল রেকর্ড ১৮বার। বহু বছরের আক্ষেপ এবার ঘুচানোর সুযোগ অলরেডদের সামনে। কিন্তু হাতছোঁয়া দূরত্বে থাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে করোনাভাইরাস আতঙ্কে। স্থগিত হয়ে যাওয়া লিগ যদি আর শুরু না হয়, তাহলে? এই প্রশ্নের উত্তর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাম। তাদের খবর, প্রিমিয়ার লিগের খেলা আর মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল। দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিষয়টি নিয়ে নাকি প্রাথমিক আলোচনা সেরে রেখেছে। একই সঙ্গে সামনে মৌসুমের জন্য প্রস্তুতি রাখছে। ২০২০-২১ প্রিমিয়ার লিগ ২২ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা তাদের!
৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগের খেলা। যদিও ইংলিশ ফুটবল পঞ্জিকা অনুসারে লিগ শেষ করতে পারবে কিনা, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ব্রিটিশ সরকার করোনাভাইরাস নিয়ে খুব সতর্ক। ইতিমধ্যে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৮৯ জন, মারা গেছে ১১ জন। আক্রান্ত হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ও চেলসি ফরোয়ার্ড হুডসন-ওডোই। যদিও তারা সেরে ওঠার পথে। এরপরও প্রিমিয়ার লিগ খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত খেলা না হলে তাই লিভারপুলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করার খবর ছেপেছে দ্য টেলিগ্রাফ। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে তারা। আর দুটি জয় পেলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি খবর, অলরেডদের চ্যাম্পিয়ন ঘোষণা করাতে কোনও দলের আপত্তি নেই। কিন্তু দুটি অবনমন দল নির্ধারণ করা হবে কিভাবে? এই জায়গায় এফএ’র প্রস্তাবনা হলো এবারের ২০ দলের সবাই থাকবে সামনের মৌসুমে। তাদের সঙ্গে যোগ দেবে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা দুই দল লিডস ও ওয়েস্টব্রম। মোট ২২ দল নিয়ে হবে ২০২০-২১ মৌসুম। আর এজন্য এক বছরের জন্য বন্ধ রাখা হবে ইংলিশ লিগ কাপ। তবে সামনের মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে দুইয়ের জায়গায় অবনমনে যাবে পাঁচ দল! ঘরোয়া লিগ নিয়ে প্রস্তাবতা বা পরিকল্পনা করলেও চ্যাম্পিয়নস লিগ নিয়ে সমস্যায় থেকেই যাচ্ছে এফএ’র। কেননা লিগ টেবিলের বর্তমান অবস্থান থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতার জায়গা নির্ধারণ করা সম্ভব নয়। অবশ্যই উয়েফার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে হবে তাদের। তবে তার আগে নিজেদের মধ্যে একটা পরিকল্পনা সাজিয়ে রেখেছে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক। এবারের চ্যাম্পিয়নস লিগে যারা খেলেছে, তারাই সামনের মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় মঞ্চে। লিগ টেবিলে সেরা চারের প্রতিদ্বন্দ্বিতায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, লিস্টার সিটি ও উলভারহ্যাম্পটন খেলবে বাড়তি বাছাই পর্ব।





