করোনার ভয়ে পাকিস্তান ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা

লোকসমাজ ডেস্ক॥ প্রথমবারের মতো পাকিস্তান সুপার লীগের (পিএসএল) সব ম্যাচ আয়োজিত হচ্ছে পাকিস্তানে। নিরাপত্তা শঙ্কা নিয়ে শুরু হওয়া পিএসএলের পঞ্চম আসর শেষ দিকে এসে রঙ হারাতে বসেছে করোনা ভাইরাস আতঙ্কে। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের খবরের পর এবার পাকিস্তান ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা। পিএসএল শেষ হতে এখনো নয় দিন বাকি থাকলেও করোনার ভয়ে তড়িঘড়ি করে পাকিস্তান ছাড়ছেন মঈন আলী, অ্যালেক্স হেলস, কার্লোস ব্র্যাথওয়েটরা। করোনার বিস্তার রোধে বিভিন্ন দেশের সাথে বিমান যোগাযোগ সীমিত করেছে যুক্তরাজ্য। পরিস্থিতির অবনতি ঘটলে সেটা আরো সীমিত করবে দেশটি।
অ্যালেক্স হেলস, মঈন আলী, জেমস ভিন্স, জেসন রয়সহ মোট ১৫ ক্রিকেটার এবার খেলছেন পিএসএলে। ইংলিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, শনিবারের মধ্যেই পাকিস্তান থেকে দেশে ফিরবেন সব ইংলিশ ক্রিকেটার। তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে পিএসএল আয়োজক কমিটি।
পাকিস্তানের সাবেক রাজধানী করাচি এবং সিন্ধু প্রদেশে করোনা ভাইরাস বেশি ছড়িয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আমরা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খালি স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নিয়েছি। গত ২৪ ঘণ্টার পরিস্থিতি পর্যবেক্ষণে কার্যকরি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আসন্ন ম্যাচগুলোতে যারা খেলবে তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে তারা।’

ভাগ