স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের বুধবারের খেলায় জয় পেয়েছে চৌগাছা উপজেলা। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় তারা মনিরামপুর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে পলাশ দুটি এবং আব্দুল হাই একটি গোল করেন।
অপরদিকে, বিজিত দলের পক্ষে জাহাঙ্গীর একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের খেলা শুরুর ১৫ মিনিটে চৌগাছার মুন্না গোল করে দলকে ১-০ গোল করে এগিয়ে নেন। খেলায় সমতা ফেরাতে মনিরামপুর মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা চালিয়েও গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে মনিরামপুর গোল পরিশোধের জন্য মুর্হূমুহু আক্রমণ চালাতে ব্যর্থ হয়। খেলার ৮০ মিনিটে তাদেরকে পাল্টা গোল হজম করতে হয়। প্রতিপক্ষ চৌগাছার পক্ষে পলাশ গোলটি করেন। এরপর খেলার শেষ মিনিটে মনিরামপুরের জাহাঙ্গীর দলের পক্ষে একটি গোল করেন। পরে অতিরিক্ত সময়ে চৌগাছার পলাশ আরও একটি গোল করে দলকে ৩-১ গোলের ব্যবধানে জয় এনে দেন। খেলার আচরণবিধি ভঙ্গে চৌগাছার মুন্না ও মনিরামপুরের সোহানকে লাল কার্ড নিয়ে মাঠ ত্যাগ করতে হয়। বিজয়ী দলের জোড়া গোলদাতা পলাশ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা দলের সাবেক ফুটবলার ইকবাল হোসেন চৌধুরী।




