সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর কর্তৃক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং প্রতিবেদক আল আমীনসহ ৩২ জনের নামে মামলা করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রেসকাব যশোর নেতৃবৃন্দ। যুক্ত বিবৃতিতে প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর জানিয়েছেন, নরসিংদী যুবমহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া গ্রেফতার ও তার হোটেলকেন্দ্রিক যৌনব্যবসা সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয় দৈনিক মানবজমিনে। সেখানে যাতায়াতকারী কতিপয় আমলা, সংসদ সদস্য, রাজনীতিক ও ব্যবসায়ীর কথা রিপোর্টে বলা হলেও কারো নাম উল্লেখ ছিল না। কিন্তু সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর অতি উৎসাহী হয়ে পত্রিকার সম্পাদক, প্রতিবেদকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংবাদ শেয়ারকারীদের নামে মামলা করেছেন। যা সম্পূর্ণ অনভিপ্রেত। প্রকাশিত সংবাদটিতে এমন কিছু দৃষ্টিগোচর হয়নি যাতে পত্রিকার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। নেতৃবৃন্দ অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এদিকে এ বিষয়ে আলাদা বিবৃতিতে নিন্দা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহীদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। বিজ্ঞপ্তি





