সকালের রায়ে খালেদা জিয়ার জামিন, দুপুরে প্রত্যাহার

লোকসমাজ ডেস্ক॥ মানহানির অভিযোগে নড়াইলে দায়ের হওয়া এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সকালে স্থায়ী জামিন দেওয়ার পর দুপুরে সে রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে জারি করা রুল পুনরায় শুনানির জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে পুনরায় শুনানির জন্য আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া। এর আগে সকালে নড়াইলের মানহানির মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে এক বছরের স্থায়ী জামিন দেন হাইকোর্ট। এরপর দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া আদালতকে জানান, এ মামলায় খালেদা জিয়া ২০২১ সাল পর্যন্ত জামিনে আছেন। আমরা (রাষ্ট্রপক্ষ) এ মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি করতে চাই। তখন আদালত খালেদা জিয়ার জামিনের বিষয়ে পূর্বের জারি করা রুল শুনানি করতে নিজেদের রায় প্রত্যাহার করেন। আদালত বলেন, আমরা এ রুলের ওপর উভয়পক্ষকে শুনবো। এরপর আদালত খালেদা জিয়ার জামিনের বিষয়ে উভয়পক্ষের শুনানি করতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শুনানি হবে বলে দিন নির্ধারণ করেন। এদিন সকালে (১২ মার্চ) খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম। পরে ২০১৮ সালের ৫ আগস্ট এ মামলায় নড়াইলের আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হয়। এরপর ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া একই বছরের ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেছিলেন। পরে ২০১৮ সালের ১৩ আগস্ট খালেদা জিয়াকে এ মামলায় অন্তবর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরপর ওই রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

ভাগ