ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুদিনব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী ও সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, ব্যানবেইস (আইসিটি) তরিকুল ইসলাম, বিএম হাই স্কুলের শিক্ষার্থী জেবা ফারিহা ও দিব্য অধিকারী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় (চ্যাম্পিয়ন) প্রথম স্থান অধিকারী ঝিকরগাছা বিএম হাইস্কুল, দ্বিতীয় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চতুর্থ টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রধান শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন।




